প্রযুক্তিই ভবিষ্যতের হাতিয়ার : পলক

১৯ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪২  
ভবিষ্যতের জন্য তরুণদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে প্রযুক্তিকেই বড় হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে শুধু অর্থ উপার্জনই নয়, স্থানীয় সমস্যার প্রযুক্তি ভিত্তিক সমস্যা সমাধানে মনোনিবেশ করতে তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ৪র্থ জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা অনুযায়ী ‘খাওয়ার জন্য মাছ উপহার না দিয়ে মাছ ধরা শেখানোর’ নীতিতে আইসিটি বিভাগ সকল কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ‘টেকসই পরিবর্তনের জন্য ডিজিটাল ইন্টারপ্রেনারশীপ’ স্লোগানে দুইদিনের এই সম্মেলনে ১১ টি নলেজ সেশন, ৭ টি মাস্টার ওয়ার্কশপ, ৫০ জনের অধিক শিল্প বিশেষজ্ঞরা বক্তব্য রাখছেন।